স্থানীয় সরকার নির্বাচনে শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
ইসি সানাউল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন ‘সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করেছে। এর মাধ্যমে কোনো কেন্দ্রে কেউ প্রবেশের চেষ্টা করলে এক মিনিটের মধ্যে তথ্য পাওয়া গেছে। ড্রোনও ব্যবহার করা হয়েছিল। স্থানীয় নির্বাচনেও এসব প্রযুক্তির ব্যবহার থাকবে।
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ওই নির্বাচনের অন্যতম বড় প্রাপ্তি ছিল সহিংসতা না হওয়া। তার তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ছিলেন শহীদ ওসমান হাদি। তার ওপর হামলা হয়েছিল তফসিল ঘোষণার এক দিন পর। অন্য ঘটনায় রাজনৈতিক দুই পক্ষের মধ্যে চেয়ার দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
নির্বাচনে সহিংসতার পথ থেকে সরে আসতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান সানাউল্লাহ। তিনি বলেছেন, রাজনৈতিক নেতাদের কথার গুরুত্ব রয়েছে। তাদের অনুসারীরা সেই কথা কিছুটা হলেও অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে নেতারা যদি বলেন, তারা আর সহিংস নির্বাচনের পথে হাঁটবেন না, তাহলে তা ইতিবাচক ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমেই জয়ী হতে হবে, এর অন্য কোনো বিকল্প থাকবে না।
নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন এই নির্বাচন কর্মকর্তা। তার মতে, জাতীয় নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর প্রায় সব কেন্দ্রে এজেন্ট উপস্থিত ছিলেন। এ কারণে নির্বাচনের ফলাফল নিয়ে স্বচ্ছতা বজায় রাখা সহজ হয়েছে।
তিনি বলেছেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে শতভাগ কেন্দ্রের ঘোষিত ফলাফল এজেন্টদের স্বাক্ষরসহ প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের ফলাফলের কপি এজেন্টদের হাতেও দেওয়া হয়েছে। ফলে পরবর্তী সময়ে ফলাফলে কারসাজি বা ট্যাবুলেশনে পরিবর্তনের সুযোগ রাখা হয়নি। পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থাও করার আহ্বান জানান তিনি।
অভিযোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতার কথা তুলে ধরে সানাউল্লাহ বলেছেন, অনেক অভিযোগে ঘটনার স্থান, সাক্ষী বা প্রয়োজনীয় সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয় না। যেমন, কোথাও বাড়ি বাড়ি টাকা বিতরণের অভিযোগ করা হলে তা শনাক্ত করতে সুনির্দিষ্ট তথ্য প্রয়োজন। অভিযোগে যথাযথ তথ্য থাকলে নির্বাচন কমিশনের পক্ষে ব্যবস্থা নেওয়া সহজ হয়।
নির্বাচনী বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার বিষয়টিও তুলে ধরেন তিনি। তার ভাষ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালকে ১৮০ দিন সময় দেওয়া হলেও এখনো আগের নির্বাচন কমিশনের সময়কার ট্রাইব্যুনালের ফলাফল পাওয়া যাচ্ছে। এ সমস্যা কাটিয়ে উঠতে নির্বাচন কমিশন কাজ করছে। এ ক্ষেত্রে বিচার বিভাগেরও সম্পৃক্ততা রয়েছে বলে জানান তিনি।
সানাউল্লাহ বলেন, ভালো নির্বাচনের সংস্কৃতি এগিয়ে নিতে নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল ও নেতাদেরও সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো অনিয়ম বা বিকল্প পদ্ধতিতে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা হলে নির্বাচন কমিশন তা প্রতিহত করবে।
আজকালের খবর/বিএস