সুন্দরবনে পৃথক অভিযানে অস্ত্র গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ডাকাতদের হাতে জিম্মি জেলেকে উদ্ধার করা হয়।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনী খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় একজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ১টি কাঠের নৌকা এবং ডাকাতের কাছে জিম্মি থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।
পরবর্তীতে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টায় খুলনার দাকোপ থানাধীন মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫) কে আটক করা হয়। আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ২টি দেশীয় ওয়ান শুটার ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, উক্ত ডাকাত প্রধানকে গত ১২ নভেম্বর ২০২৪ কোস্ট গার্ড কর্তৃক আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরবর্তীতে, জামিনে মুক্তি নিয়ে পুনরায় সুন্দরবনে ডাকাতি করে আসছিল।
আটককৃত ডাকাত আসাবুর সানা (৪৫) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।
আটক ডাকাত, জব্দকৃত নৌকা, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
আজকালের খবর/বিএস