রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
জিয়াউলের বিচার : আজ আসামিপক্ষের যুক্তিতর্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৮ এএম   (ভিজিট : ১৫)
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে আজ যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।

নিরাপত্তাজনিত কারণে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন জিয়াউল আহসান। তার পক্ষে আইনি লড়াই করছেন আইনজীবী সাহিদুর রহমান ও নাজনীন নাহার।

গত ২৬ নভেম্বর তৃতীয় দিনের সমাপনী বক্তব্যে প্রসিকিউশনের পক্ষে জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি দাবি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি জিয়াউলকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, জঘন্য সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক বলে উল্লেখ করেন। তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আদেশ প্রার্থনা করেন অ্যাটর্নি জেনারেল। একই দিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও তার সর্বোচ্চ সাজা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে মামলার অভিযোগ, উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ, বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা এবং দেশি-বিদেশি আইন ও বিচারিক নজির তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিমও যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ এবং অপরাধ প্রমাণের বিষয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

গত ২৪ নভেম্বর মামলার যুক্তিতর্ক শুরু হয়। প্রথম দিন জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার ঘটনাবলি তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পরদিন দ্বিতীয় দিনের যুক্তিতর্কে বিচারপ্রক্রিয়ার ন্যায়সংগততা নিয়ে তথ্য ও আইনের ব্যাখ্যা দেওয়া হয়।

গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন। ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

চলতি বছরের ১৪ জানুয়ারি প্রসিকিউশনের আনা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ৮ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভুঁইয়া।

এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যার।

দ্বিতীয় অভিযোগের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

তৃতীয় অভিযোগেও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের অভিযোগ, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনকে হত্যা করা হয়।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft