
উন্নত প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স ও আকর্ষণীয় স্ট্রিটফাইটার ডিজাইন নিয়ে বাংলাদেশের বাজারে নতুন হোন্ডা হর্নেট ২.০ উন্মোচন করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মডেলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার টাকা।
হোন্ডার জনপ্রিয় হর্নেট সিরিজের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৬ সালে। বাংলাদেশে ২০২৪ সাল থেকে হর্নেট ২.০ বাজারে রয়েছে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে বেশ কিছু আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা, যা চালকের রাইডিং অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন হর্নেট ২.০-তে রয়েছে ১৮৪.৪ সিসির পিজিএম-এফআই ইঞ্জিন। ইঞ্জিনটি ৮ হাজার ৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৬.৬ পিএস শক্তি এবং ৬ হাজার আরপিএমে ১৫.১ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম।
নিরাপত্তা ও নিয়ন্ত্রণের জন্য মোটরসাইকেলটিতে যুক্ত করা হয়েছে হোন্ডা সিলেক্টেবল টর্ক কন্ট্রোল (এইচএসটিসি), বোশ ডুয়েল চ্যানেল এবিএস এবং অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। এ ছাড়া রয়েছে শোয়া ব্র্যান্ডের গোল্ডেন ইউএসডি ফ্রন্ট ফর্ক, ১৪০ মিলিমিটার চওড়া পেছনের টায়ার এবং পেটাল ডিস্ক ব্রেক। সামনে ২৭৬ মিলিমিটার ও পেছনে ২২০ মিলিমিটারের ডিস্ক ব্রেক থাকায় ব্রেকিং ও নিয়ন্ত্রণে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
মোটরসাইকেলটির অন্যতম আকর্ষণ নতুন কালার টিএফটি মিটার। এতে গিয়ার পজিশন, তাৎক্ষণিক মাইলেজ এবং অবশিষ্ট জ্বালানিতে কত দূর চলা যাবে, সে-সংক্রান্ত তথ্য দেখা যাবে। পাশাপাশি রয়েছে তিনটি ব্রাইটনেস লেভেল ও দুটি ডিসপ্লে থিম।
অতিরিক্ত সুবিধা হিসেবে এতে রয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট, চারপাশে এলইডি লাইটিং, এক্স-আকৃতির এলইডি টেইল ল্যাম্প এবং ইমার্জেন্সি স্টপ সিগন্যাল (ইএসএস)। নিরাপত্তার জন্য সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের সঙ্গে ইঞ্জিন কাট-অফ সুইচ এবং ইঞ্জিন স্টপ সুইচও যুক্ত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া হোন্ডার ‘দ্য পাওয়ার অব ড্রিমস’ দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, স্বতন্ত্র ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের মোটরসাইকেল চালকদের পরিবর্তিত চাহিদা পূরণে কাজ করছে হোন্ডা।
প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশিকুর রহমান নতুন টিএফটি মিটারের ব্যবহারিক সুবিধা এবং এইচএসটিসি ও ডুয়েল চ্যানেল এবিএসের মাধ্যমে উন্নত রাইডিং নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরেন। ‘দ্য বিস্ট ইভলভস’ স্লোগানে নতুন মডেলটি বাজারে আনা হয়েছে বলেও জানান তিনি।
নতুন হোন্ডা হর্নেট ২.০ তিনটি রঙে পাওয়া যাবে। রংগুলো হলো—রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক এবং পার্ল ইগনিয়াস ব্ল্যাক।
মোটরসাইকেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার টাকা। দেশের বিভিন্ন স্থানে হোন্ডার অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমে এটি পাওয়া যাচ্ছে।
বিস্তারিত জানতে ভিজিট করা যাবে www.bdhonda.com ওয়েবসাইটে। এ ছাড়া প্রতিষ্ঠানের ফেসবুক পেজ facebook.com/bdhondaofficial এবং টোল-ফ্রি হটলাইন ০৮০০০৪৩০৪৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব