
‘আসিব আসিব বলিয়া’ কতদিন পার হবে—এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের নামে বিভিন্ন সময়ে দেশে ফেরার নানা তারিখ ও সময়ের কথা প্রচার করা হচ্ছে। তবে এসব নিয়ে সরকারের কোনো উদ্বেগ বা চাপ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে দলটির পতন ও পলায়নের পর রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই। দেশের মানুষও তাদের স্বীকৃতি দেবে না।
তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষী, জার্মানির নাৎসি বাহিনীর মতো গণহত্যাকারী ফ্যাসিস্ট শক্তি পৃথিবীর কোথাও রাজনীতিতে ফিরে আসতে পারেনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও দেশে ফিরে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না।
পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁদের দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। সরকার ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশকে চিঠি দিয়েছে। ওই দেশও আইনানুগভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, পলাতক নেতারা সীমান্তের ওপারে অবস্থান করে দেশে থাকা নেতাকর্মীদের মশাল মিছিল, লকডাউন, শাটডাউন ও হরতালের মতো কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। এসব কর্মসূচির মাধ্যমে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পূর্বের অপচেষ্টা প্রতিহত করেছে। ভবিষ্যতে কেউ উগ্রবাদী তৎপরতা, অগ্নিসন্ত্রাস কিংবা জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেখানে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে, সেখানে পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হচ্ছে। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, বিষয়টি চলমান বিচারিক প্রক্রিয়ার অংশ। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনকেও বিচারের আওতায় আনার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে দল ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ ও বিভাগীয় মামলা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও ক্লোজ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও স্বাক্ষরিত হয়েছে। এতে প্রকৃত শ্রমিক ও মালিকরা সন্তুষ্ট।
তিনি অভিযোগ করেন, একটি মহল গুজব ছড়িয়ে শ্রমিক অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব