বাংলাদেশ সফর করলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট Vice Admiral Sergio Liardo
বুধবার (২৫ নভেম্বর) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট Vice Admiral Sergio Liardo ২১ থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশ সফর করেন। উক্ত সফরকালে গত ২২ নভেম্বর ২০২৬ তিনি বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আগমন করেন। এ সময় তাঁকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরকালে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সফরের তৃতীয় দিনে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিভিন্ন অপারেশনাল সক্ষমতা এবং বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং জোনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন।
সফরকালে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ এবং যৌথ মহড়ার বিষয়ে আলোচনা হয়। Vice Admiral Sergio Liardo বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং Maritime Domain Awareness (MDA), Aerospace Technology, Search and Rescue (SAR) এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। সফর শেষে আজ ২৫ নভেম্বর ২০২৬ তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
তিনি আরও বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় হওয়া, পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা ও সামুদ্রিক অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।
আজকালের খবর/রাশেদুল মিলন