বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে গোয়েন্দাদের একটি দল।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে একটি গোয়েন্দা সংস্থার সূত্র।
মো. রুহুল আমিন ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন।
তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলেম সমাজের একাংশের সমালোচনার মুখে পড়েন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কর্মস্থলে অনুপস্থিত থেকে আত্মগোপনে চলে যান। পরে ওই বছরের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়।
সংঘর্ষের ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাকে বায়তুল মোকাররমের খতিব পদ থেকে অপসারণ করে। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
আজকালের খবর/বিএস