ভারতে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান। তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য, তার আইডি নম্বর ৬২০২।
নোটিশে কূটনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি হেফাজতে নেওয়ার পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি প্রতিরোধ এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখার কথা উল্লেখ করে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের প্রাপক করা হয়েছে। রেজিস্টার্ড ডাক ও ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশদাতা তার নোটিশে জানান, এই উদ্যোগের সঙ্গে কোনো রাজনৈতিক দল, বর্তমান সরকার কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে-বিপক্ষে অবস্থানের সম্পর্ক নেই। সংবিধানের ২১ অনুচ্ছেদের ১ উপধারা অনুযায়ী রাষ্ট্রের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জননিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ববোধ থেকেই তিনি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে নোটিশটি পাঠিয়েছেন।
নোটিশে জাতীয় নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। এতে বলা হয়, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সংবেদনশীল তথ্য থাকার বিষয়টি বিবেচনায় নেয়া প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রে একজন সাবেক সরকারপ্রধানের দীর্ঘদিন অবস্থান এসব রাষ্ট্রীয় গোপনীয় তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশিত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ ধরনের পরিস্থিতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এবং সামরিক সংঘাতের মতো পরিণতি তৈরি হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে নোটিশে। উদাহরণ হিসেবে ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেয়ার পর তার দীর্ঘ অবস্থান ও রাজনৈতিক তৎপরতা সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ এবং দেশটিতে ভয়াবহ আঞ্চলিক সংঘাতের সঙ্গে সম্পর্কিত হয়ে ওঠে।
একইভাবে, ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেয়ার পর তার অবস্থানকে কেন্দ্র করে সৃষ্ট ভূরাজনৈতিক পরিস্থিতির বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেন এ ধরনের কোনো বৈরিতা বা সশস্ত্র সংঘাতের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা জানানো হয়েছে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নোটিশে কয়েকটি আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার প্রস্তাব দেয়া হয়েছে। প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানোর কথা বলা হয়েছে। ওই পত্রে সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে শেখ হাসিনার আইনের আশ্রয়লাভ ও ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সহযোগিতা চাওয়ার প্রস্তাব করা হয়েছে।
এরপর নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের সুযোগ তৈরির কথা বলা হয়েছে। নোটিশে ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের প্রসঙ্গ তুলে ধরে হাইকমিশন প্রাঙ্গণের কূটনৈতিক অলঙ্ঘনীয়তার বিষয়টি উল্লেখ করা হয়। প্রস্তাব অনুযায়ী, সেখানে প্রবেশের পর তিনি বাংলাদেশ সরকারের আইনানুগ কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ও প্রশিক্ষিত দল হাইকমিশন প্রাঙ্গণের ভেতরে তাকে গ্রেপ্তার করে আইনি হেফাজতে নেবে।
দেশে প্রত্যাবর্তনের জন্য নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ট্রাভেল পাস বা ট্রাভেল পারমিট ইস্যুর প্রস্তাবও দেয়া হয়েছে। এ ক্ষেত্রে হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে উপযুক্ত বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে তাকে বাংলাদেশে আনার কথা বলা হয়েছে। পুরো যাত্রায় বাংলাদেশ পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তা ও পাহারার ব্যবস্থা রাখার প্রস্তাব দিয়েছেন নোটিশদাতা।
নোটিশে দেশে ফেরার পর তার অবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত শেখ হাসিনার পৈতৃক বাসভবনকে বিশেষ সাব-জেল বা উপ-কারাগার হিসেবে ঘোষণার প্রস্তাব দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা আইন ও জেল কোড অনুসরণ করে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ব্যবস্থা নিতে পারে বলে নোটিশে বলা হয়েছে। ঢাকায় বিমান অবতরণের পর জনশৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে সরাসরি টুঙ্গিপাড়ার প্রস্তাবিত সাব-জেলে স্থানান্তরের কথাও উল্লেখ রয়েছে।
আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারায় আপিলের সুযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে। নোটিশে বলা হয়, দেশে ফেরার পর আইনি হেফাজতে থাকাবস্থায় শেখ হাসিনা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার সংবিধিবদ্ধ আপিলের অধিকার প্রয়োগ করতে পারবেন। আইনের ২১ ধারার ৩ উপধারায় দণ্ডাদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল দায়েরের সময়সীমা নির্ধারিত থাকলেও উপযুক্ত কারণ দেখানো সাপেক্ষে বিলম্ব মার্জনার আবেদন বিবেচনা করে আপিল শুনানির জন্য গ্রহণ করার বিচারিক ক্ষমতা আপিল বিভাগের রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অন্যান্য দেয়ানি ও ফৌজদারি মামলার কার্যক্রম সচল রাখার জন্য ভার্চুয়াল বিচারব্যবস্থা ব্যবহারের প্রস্তাব দেয়া হয়েছে। আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ অনুসরণ করে অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করার কথা বলা হয়েছে। এতে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়ানোর পাশাপাশি বিচারিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে বলে নোটিশে মত দেয়া হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, সব আপিল ও অন্যান্য আইনি প্রক্রিয়া চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়ার পর সংশ্লিষ্ট আদালত যে রায় ও আদেশ দেবেন, সরকারকে তা নিরপেক্ষভাবে কার্যকর করতে হবে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংবিধান অনুযায়ী প্রত্যেকের আইনি অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত কূটনৈতিক, প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে লিখিতভাবে তাকে অবহিত করার দাবি জানিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, গোপনীয়তা ও সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত অধিকার রক্ষার স্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) দায়ের করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
আজকালের খবর/ এমকে