সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।
কোস্ট গার্ড মিডিয়া সূত্রে জানা যায়, সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০ টি একনলা বন্দুক, ২ টি এয়ারগান, ২ টি দেশীয় ওয়ান শুটার, ৪ টি একনলা বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গোলা ও ২টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন