বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
বসতবাড়িতে মাদকের মজুত, মা-ছেলে গ্রেপ্তার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ০)
বগুড়ায় বসতবাড়িতে অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মাদক কারবারের অভিযোগে মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছেন পরিবারের আরেক সদস্য ও অভিযুক্ত মাদক কারবারি লিটন শেখ।

বুধবার (১৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার লিটন শেখের স্ত্রী কুলসুম বেগম (৩৮) ও ছেলে আব্দুল কাইযুম লাম (১৯)। পলাতক লিটন শেখ (৪২) ওই এলাকার মৃত আফছার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় লিটন শেখের বসতবাড়িতে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অস্থায়ী মুরগির সেডের ভেতর থেকে ১১ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে কুলসুম বেগম ও তাঁর ছেলে আব্দুল কাইযুম লামকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লিটন শেখ কৌশলে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দাদের দাবি, লিটন শেখ, তাঁর স্ত্রী কুলসুম বেগম ও ছেলে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এলাকায় তাঁদের মাদক ব্যবসা নিয়ে নানা অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, এ ঘটনায় স্বামী-স্ত্রী ও তাঁদের ছেলের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামি লিটন শেখকে গ্রেপ্তারে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালাচ্ছে।

উদ্ধার করা মাদকদ্রব্যের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft