বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
দুইদিন পর মায়ের কোল থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ০)
মাগুরার মহম্মদপুরে নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী শিশু রাসমিকা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পারিবারিক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত রাসমিকা চক্রবর্তী মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর এলাকার ব্যবসায়ী সমীর কুমার চক্রবর্তী ওরফে কুটে ঠাকুরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে লক্ষ্মীপুর থেকে বালিদিয়া যাওয়ার সড়কের উত্তর পাশে মৃত আব্দুস সামাদের পারিবারিক পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মহম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এর আগে গত ১৬ নভেম্বর বিকেলে শিশুটি নিখোঁজ হয়। শিশুটির মা নন্দিতা চক্রবর্তীর দাবি, মেয়েকে নিয়ে শীতের কাপড় কিনতে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় যাওয়ার পথে রাজাপুর বাজারসংলগ্ন এলাকায় দুই নারী তাঁকে অচেতন করে কোল থেকে শিশুটিকে নিয়ে যায়।

নন্দিতার ভাষ্য অনুযায়ী, অটোরিকশায় থাকা বোরকা পরিহিত দুই নারীর একজন তাঁর নাকের কাছে ফুলের মতো একটি বস্তু ধরেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর কোলে সন্তান না পেয়ে তিনি কান্নাকাটি শুরু করেন।

শিশুটি নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে দুই দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে, এর আগেও এই দম্পতির আরেকটি শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনা ঘটেছিল। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা তদন্তের ফলাফল জানা যায়নি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রহস্যজনক এ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

পুলিশ হেফাজতে নেওয়া হলেও শিশুটির মা কিংবা অন্য কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের পরই শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft