বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ৫)
ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই উত্তেজনা আর দর্শকদের বাড়তি আগ্রহ। এবার সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ তৈরি হলো ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামেও। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ম্যাচ উপভোগের পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে মাঠে নেমে ব্যাট ও বল হাতে সময় কাটান তিনি।

মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচটি উপভোগ করেন ভারতীয় হাইকমিশনার। এ সময় তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এবং ম্যাচের বিভিন্ন মুহূর্তে তাদের উৎসাহ দেন।

খেলার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলেও ব্লাইন্ড ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ দেখার সক্ষমতা অনুপ্রেরণাদায়ক।

তিনি বলেন, ওরা হয়তো চোখে দেখতে পায় না, কিংবা কম দেখতে পায়। কিন্তু ওদের ভিশন আছে। ভিশন আর চোখে দেখা এক জিনিস নয়। আমরা অনেক সময় চোখে দেখেও ভিশন বা দূরদৃষ্টি দিয়ে কিছু বুঝতে পারি না। ভিশন মানে ফোরসাইট; সামনে কী আছে, তা উপলব্ধি করার ক্ষমতা।

ব্লাইন্ড ক্রিকেটারদের সাহস ও মানসিক শক্তির প্রশংসা করে তিনি বলেন, তাদের মধ্যে যে সাহস রয়েছে, তা অনেকের মধ্যেই নেই। তাদের খেলা থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে। দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে তারা অনেক কিছু করতে পারবে না—এমন ধারণা থেকে বেরিয়ে এসে তাদের পূর্ণ উৎসাহ দেওয়া প্রয়োজন।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, আমাদের উচিত ওদের পূর্ণ উৎসাহ দেওয়া এবং অন্য সবার মতো স্বাভাবিকভাবে আচরণ করা। ওরাও সেটাই চায়; আমরা যেন তাদের সঙ্গে স্বাভাবিক আচরণ করি। সব দলই ভালো খেলছে।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট দলকে শিরোপার দাবিদার হিসেবে এগিয়ে রাখবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একটি দলকে আলাদাভাবে এগিয়ে রাখতে চান না। সব দলের জন্যই শুভকামনা জানিয়ে তিনি বলেন, সেরা দলই জয়ী হোক।

আয়োজকদেরও ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকা উচিত। একই সঙ্গে ব্লাইন্ড ক্রিকেটারদের সহায়তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্লাইন্ড ক্রিকেটারদের সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে তাদের আরও বেশি সহায়তা করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছে আনভীর ক্রিকেট স্টেডিয়াম। ভারত-পাকিস্তান ম্যাচের এক দিন আগে সোমবার (১৬ নভেম্বর) স্টেডিয়াম পরিদর্শন করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

২০২৭ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের আগে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যাচাই করতেই প্রতিনিধি দলটি সেখানে যায়।

পরিদর্শনের সময় ইসিবির প্রতিনিধিরা মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিমনেশিয়াম ও সুইমিংপুলসহ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সম্প্রচার, চিকিৎসা, দর্শক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত সুবিধাও পর্যবেক্ষণ করেন তারা।

বিসিবি ও ভেন্যু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, স্টেডিয়ামের সামগ্রিক সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন ইসিবি প্রতিনিধিরা। পরিদর্শন শেষে তারা নিজস্ব বোর্ডে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্টটির আয়োজক। এর শিরোপা পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft