শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
গ্যাস সরবরাহ স্থিতিশীল, বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক : জ্বালানিমন্ত্রী
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম   (ভিজিট : ০)
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছিল। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করায় পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, আগামী ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ নেই।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি তারকা হোটেলে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৬-এর দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি।

‘জ্বালানি নিরাপত্তা, বিদ্যুৎ খাত ও টেকসই অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক অধিবেশনে তিনি দেশের জ্বালানি পরিস্থিতি, বিদ্যুৎ উৎপাদন ও আগামী গ্রীষ্মের প্রস্তুতির কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার ১০ থেকে ১৫ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হয়। এতে বাংলাদেশের প্রচলিত জ্বালানি সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়। এর সঙ্গে একটি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনায় গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। ফলে অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। শিল্পকারখানাগুলোও ভোগান্তিতে পড়ে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় প্রতি ইউনিট এলএনজির দাম ছিল ১২ ডলার। সর্বশেষ কিনতে হয়েছে ৩১ ডলারে। এত বেশি দামে এলএনজি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রায় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সমান হয়ে গিয়েছিল। তাই তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হয়।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এখন গ্যাস সরবরাহ মোটামুটি স্থিতিশীল। বিদ্যুৎ পরিস্থিতিও সন্তোষজনক। গত ১৫ থেকে ২০ দিনে খুব কম এলাকায় লোডশেডিং হয়েছে। যেসব জায়গায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়েছে, তার বেশির ভাগই কারিগরি ত্রুটির কারণে। চাহিদা অনুযায়ী জ্বালানি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, ডিসেম্বর পর্যন্ত আমরা জ্বালানি সরবরাহ নিশ্চিত রাখতে পারব। এরপর জানুয়ারির জন্য আমদানির পরিকল্পনা করা হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft