নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাদের নিয়ে জাতীয় কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ‘নির্বাচনি ইশতেহার ২০২৬: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন’ শীর্ষক এ কর্মশালা শুরু হয়।
কর্মশালায় উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
এ ছাড়া কর্মশালায় অংশ নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি মো. শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি মো. সোহাগ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান মজুমদারও কর্মশালায় উপস্থিত রয়েছেন।
এ ছাড়া ছাত্রদলের বিভিন্ন মহানগর শাখা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এতে অংশ নিয়েছেন।
কর্মশালায় নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।
আজকালের খবর/বিএস