সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণকারী রেমিট্যান্সযোদ্ধা মসুদ মিয়ার মরদেহ আজ শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।
মরদেহ গ্রহণের সময় জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার একটি প্রতিনিধি দল বিমানবন্দরে উপস্থিত থাকলে শোকসন্তপ্ত স্বজনরা এই বেদনাবিধুর মুহূর্তে কিছুটা হলেও মানসিক সান্ত্বনা পাবেন। তাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ঢাকায় অবস্থানরত সদস্যদের মধ্যে যাঁদের সময়-সুযোগ রয়েছে, তাঁদের বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, মসুদ মিয়ার (৬১) মৃত্যুতে ইতোমধ্যে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ এবং আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান। এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলার ৮ নম্বর কনকপুর ইউনিয়নের মামরকপুর গ্রামের বাসিন্দা মসুদ মিয়া গত ২৭ অক্টোবর আবুধাবিতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন।
আসুন, প্রবাসে জীবনসংগ্রামে নিয়োজিত একজন রেমিট্যান্সযোদ্ধার শেষ বিদায়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াই।
আজকালের খবর/বিএস