সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
কালীগঞ্জে এক ও দুই টাকার কয়েন নিয়ে বিপাকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ৬০)
ঝিনাইদহের কালীগঞ্জে এক ও দুই টাকার ধাতব মুদ্রা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। দোকানপাট, চায়ের স্টল থেকে শুরু করে রিকশা ও বাসভাড়া, কোথাও এসব কয়েন নিতে আগ্রহ দেখাচ্ছেন না অনেকেই। এমনকি ব্যাংক ও বিভিন্ন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও কয়েন নিতে অনীহা প্রকাশ করছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের। ফলে বছরের পর বছর ধরে জমে থাকা হাজার হাজার টাকার কয়েন নিয়ে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

সরকারিভাবে এসব কয়েন অচল ঘোষণার কোনো নির্দেশনা না থাকলেও কালীগঞ্জের বাজারে কার্যত সেগুলোর প্রচলন বন্ধ হয়ে গেছে। এক টাকার কয়েন নিয়ে দীর্ঘদিন ধরে অনীহা থাকলেও সম্প্রতি দুই টাকার কয়েনও গ্রহণ করতে চাইছেন না অনেকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কেউ কেউ বাধ্য হয়ে কম দামে এসব কয়েন বিক্রি করছেন।

কালীগঞ্জ বাজারের একাধিক মুদি ও খুচরা ব্যবসায়ী জানান, সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন তাঁদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রতিদিন বিভিন্ন পণ্য বিক্রির সময় খুচরা টাকার প্রয়োজন হয়। কিন্তু ক্রেতাদের কাছ থেকে এক ও দুই টাকার কয়েন পেলেও সেগুলো দিয়ে পরবর্তী সময়ে কেনাকাটা বা লেনদেন করা যাচ্ছে না। পাইকারি ব্যবসায়ী ও পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও এসব কয়েন নিতে চায় না। ফলে দোকানে কয়েন জমতে থাকে।

কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকার মণ্ডল কনফেকশনারির মালিক আজিজুর রহমান বলেন, কোনো কোম্পানি কয়েন নিতে চায় না। তাঁর দোকানে এক ও দুই টাকার কয়েন মিলে মোট ২ হাজার টাকার কয়েন জমেছিল। সেগুলো তিনি ১ হাজার ৬০০ টাকায় বিক্রি করতে বাধ্য হন। ওই টাকাও তাঁকে ১৬ দিনে পরিশোধ করা হয়েছিল।

কালীগঞ্জ বাজারের জনতা বেকারির মালিক আহসান হাবিব জানান, তাঁর কাছে জমে থাকা ৮ হাজার টাকার কয়েন ৫ হাজার টাকায় বিক্রি করেছেন। রাশেদ কনফেকশনারির মালিক মোশাররফ হোসেন বলেন, কেউ কয়েন নিতে চান না। তাই বাধ্য হয়ে তিনিও কয়েন গ্রহণে অনীহা দেখান।

ভূষণ রোডের বিশ্বজিৎ কনফেকশনারির মালিক বিশ্বজিৎ বলেন, ব্যাংক কিংবা কোনো কোম্পানি কয়েন নিতে চায় না। এ কারণে তাঁরাও ক্রেতাদের কাছ থেকে এসব কয়েন নিতে চান না।

চা-দোকানিরাও পড়েছেন একই সমস্যায়। তাঁদের ভাষ্য, এক কাপ রং চা পাঁচ টাকা এবং দুধ চা ছয় টাকায় বিক্রি হয়। চা পান শেষে অনেক ক্রেতা এক ও দুই টাকার কয়েন দিয়ে মূল্য পরিশোধ করতে চান। কিন্তু এসব কয়েন পরবর্তী সময়ে ব্যবহার করা যায় না বলে অনেক দোকানি তা গ্রহণ করেন না। পাইকারি ব্যবসায়ীদের কাছেও কয়েন নিয়ে গেলে বিড়ম্বনায় পড়তে হয়। অনেক সময় কর্মচারীরা কয়েন দিলে মহাজনরা তা নিতে অস্বীকৃতি জানান।

কালীগঞ্জ বাজারের একাধিক পাইকারি ও খুচরা ব্যবসায়ী বলেন, কয়েক বছর ধরেই এক ও দুই টাকার কয়েনের প্রচলন কমে গেছে। এখন অনেক ব্যবসায়ীর কাছে বিপুল পরিমাণ কয়েন জমে আছে। কিন্তু ব্যাংকেও সেগুলো জমা দিতে পারছেন না তাঁরা। ফলে নিজেদের মধ্যে লেনদেনেও তৈরি হয়েছে জটিলতা।

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, কোনো কোম্পানি বা ব্যাংক কয়েন নিতে চায় না। এ কারণে বাজারের দোকানিরাও এসব কয়েন নিতে অনীহা দেখাচ্ছেন। বিষয়টি সমাধানে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সোনালী ব্যাংকের কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শামীম রেজা বলেন, সরকারি পর্যায় থেকে এক ও দুই টাকার কয়েন অচল ঘোষণার কোনো নির্দেশনা এখনো আসেনি। যশোর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় এসব কয়েনের প্রচলন রয়েছে। কিন্তু কালীগঞ্জের ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা নিজেরাই এগুলো নিতে অনীহা দেখাচ্ছেন। এটি ঠিক নয়। সরকারি নির্দেশনা না থাকলে এসব কয়েন প্রচলিত মুদ্রা হিসেবেই গ্রহণ করা উচিত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, এক ও দুই টাকার কয়েন অন্য এলাকায় চালু থাকলেও ঝিনাইদহের কালীগঞ্জে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে তা গ্রহণের অনীহা দেখা যাচ্ছে। সরকারি নির্দেশনায় এসব কয়েন বন্ধ করা হয়েছে কি না, তা ব্যাংক কর্মকর্তারা নিশ্চিত করতে পারবেন। তিনি বলেন, স্বপ্ন ও আড়ংয়ের মতো প্রতিষ্ঠানে এখনো এসব কয়েন গ্রহণ করা হয় বলে তিনি লক্ষ্য করেছেন। সরকারি কোনো নির্দেশনা না থাকলে প্রচলিত কয়েন ব্যবহার করা উচিত।

সংশ্লিষ্টদের মতে, সরকারি নির্দেশনা ছাড়া প্রচলিত মুদ্রা গ্রহণে অনীহা তৈরি হওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংক, ব্যবসায়ী সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft