দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগাছায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুবকদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম।
অনুষ্ঠানে সভাপতিত্ব উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, অতিথি হিসেবে ছিলেন, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন ডাঃ উৎপল রায়, উপজেলা সমবায় কর্মকর্তা শামছুন্নাহার বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুজ্জামান।
শাহরিয়ার ফুয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদ্দোক্তা আলমগীর হোসেন প্রামানিক, কল্পনা বেগমসহ অনেকেই।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/রাশেদুল মিলন