
ভারতে মুসলিম নিপীড়ন ও মসজিদে হামলার অভিযোগের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, সহসভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, জেলা যুব জাগপার সাধারণ সম্পাদক মোকছেদ আলী, জেলা ছাত্র কাফেলার সভাপতি শাহাদত হোসেন সেলিম, সদর উপজেলা জাগপার সভাপতি আনারুল ইসলাম ও প্রচার সম্পাদক নাজমুল ইসলামসহ অন্যরা।
সমাবেশে জাগপা নেতারা ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর নিপীড়ন, বসতবাড়ি উচ্ছেদ এবং মসজিদ ভাঙার অভিযোগ তুলে এর নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, আসাম থেকে দিল্লি পর্যন্ত ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমরা নিপীড়নের শিকার হচ্ছেন বলে তাঁরা অভিযোগ করেন। তাঁদের দাবি, আসামে ১ হাজার ১০০টি এবং দিল্লিতে ৬০০টি মুসলিম পরিবারের ঘর ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশটির বিভিন্ন স্থানে মসজিদ ভাঙা এবং উত্তরাখণ্ডে মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে অন্য দিনে নির্ধারণের ঘটনাও তাঁরা উল্লেখ করেন।
জাগপা নেতারা আরও বলেন, ভারত সরকার একদিকে সম্প্রীতির কথা বলে, অন্যদিকে দেশটিতে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও অধিকার ক্ষুণ্ন হচ্ছে বলে তাঁরা মনে করেন। ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ ও রাষ্ট্রীয় নিপীড়নের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং এসব ঘটনার অবসান দাবি করেন তাঁরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব