সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
গাইবান্ধা আদালতে ৯ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:০৬ পিএম   (ভিজিট : ০)
গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলতি বছরের প্রথম নয় মাসে ৬ হাজার ৮৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। আদালতসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, জেলার ইতিহাসে এটি রেকর্ডসংখ্যক মামলা নিষ্পত্তির ঘটনা। তবে বিচারক ও অবকাঠামো সংকটের কারণে আদালতে এখনো বিপুলসংখ্যক মামলা বিচারাধীন রয়েছে।

আদালতের নাজির মো. রেজাউল করিম সরকার এ তথ্য জানিয়েছেন। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে সিআর, জিআরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রারম্ভিক বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৫৬টি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে নতুন করে ৭ হাজার ৭৮৩টি মামলা দায়ের হয়। এ ছাড়া জেলা জজ আদালত থেকে পাঁচ লাখ টাকার কম মূল্যের চেকসংক্রান্ত মামলাসহ বিভিন্ন মামলা বদলির মাধ্যমে এ আদালতে আসে। সব মিলিয়ে সংশ্লিষ্ট সময়ে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়ায় ২০ হাজার ২১৩টিতে।

একই সময়ে এসব মামলার মধ্যে ২১ হাজার ৯৭টি মামলা বিচারের জন্য বিভিন্ন আদালতে বদলি করা হয়। বর্তমানে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ হাজার ৬টি মামলা বিচারাধীন রয়েছে।

আদালত সূত্র আরও জানায়, এখানে প্রয়োজনীয় অবকাঠামো ও বিচারক সংকট রয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচারকের মোট ১১টি পদের মধ্যে চারটি পদ এখনো শূন্য। বর্তমানে কর্মরত রয়েছেন সাতজন বিচারক।

বিচারসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ২০২৫ সালের নভেম্বর মাসে গাইবান্ধায় যোগদানের পর মামলা নিষ্পত্তির গতি বেড়েছে। বিচারকদের তৎপরতা এবং নিয়মিত সাক্ষী হাজির নিশ্চিত করার উদ্যোগের ফলে দ্রুত মামলা নিষ্পত্তি সম্ভব হচ্ছে বলে তাঁরা মনে করেন।

গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক হিপজুর আলম মুন্সী বলেন, নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না হওয়ায় অনেক সময় মামলা নিষ্পত্তিতে বিলম্ব হয়। তবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের তাগাদার কারণে সময়মতো সাক্ষী হাজির নিশ্চিত করা হয়েছে। এতে গত নয় মাসে মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, সম্প্রতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তির হার বেড়েছে। এতে বিচারপ্রার্থীরা উপকৃত হচ্ছেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft