পানামার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বাড়িঘর ও বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্থগিত করা হয়েছে টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল।
ভূমিকম্পের পর এক ডজনের বেশি পরাঘাত অনুভূত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭ দশমিক ৮ মাইল গভীরে। রাজধানী পানামা সিটিসহ বিভিন্ন এলাকায় আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ও খোলা জায়গায় আশ্রয় নেন।
দেশটির বিভিন্ন স্থানে গির্জা ও ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের কারণে রাজধানীতে যানজট সৃষ্টি হয়। বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল এবং দেশজুড়ে স্থগিত করা হয় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস।
পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্টর লুক জানান, রাজধানী পানামা সিটিতে প্রায় ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে।
এদিকে, ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।
দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব বিভাগকে সক্রিয় করা হয়েছে। সূত্র: রয়টার্স
আজকালের খবর/বিএস