বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে, কমেছে মজুরি বৃদ্ধির হার
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৪)
দেশের সার্বিক মূল্যস্ফীতি আবার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে, যা তার আগের মাস আগস্টে ছিল ৮.২৬ শতাংশ।

মূলত খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবে সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেড়েছে। অন্যদিকে মূল্যস্ফীতি বাড়লেও কমেছে মজুরি বৃদ্ধির হার। অর্থাৎ ব্যয় বাড়লেও কমেছে আয়।

বুধবার (৭ অক্টোবর) সেপ্টেম্বর মাসের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বা মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বিবিএস।

বিবিএসের তথ্যে দেখা যায়, জাতীয় পর্যায়ে সেপ্টেম্বর মাসে খাদ্যখাতের মূল্যস্ফীতি বেড়ে ৭.২২ শতাংশ হয়েছে, যা আগস্ট মাসে ছিল ৭.০২ শতাংশ। অন্যদিকে, সেপ্টেম্বর মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়িয়েছে ৯.৩০ শতাংশে, যা আগস্ট মাসে ছিল ৯.৩২ শতাংশ এবং গত বছরের সেপ্টেম্বরে ছিল ৮.৯৮ শতাংশ।

গ্রাম ও শহরের মূল্যস্ফীতি পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরে গ্রামীণ এলাকায় শহরের তুলনায় মূল্যস্ফীতির হার কিছুটা বেশি ছিল।

গ্রামে সেপ্টেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৮.৩৮ শতাংশ, যা আগস্টে ছিল ৮.৩১ শতাংশ। গ্রামীণ এলাকায় খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭.০১ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭.১৮ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগস্টের ৯.৫৯ শতাংশ থেকে সামান্য কমে সেপ্টেম্বরে ৯.৫৭ শতাংশ হয়েছে।

শহর এলাকায় সেপ্টেম্বরে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৬ শতাংশে, যা আগস্টে ছিল ৮.২০ শতাংশ। শহরের খাদ্য খাতে মূল্যস্ফীতি আগস্টের ৭.০৪ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে হয়েছে ৭.২৫ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি আগস্টের ৮.৯৭ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৮.৯৪ শতাংশে নেমে এসেছে।

অন্যদিকে, মূল্যস্ফীতি বাড়লেও মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের মজুরি হার সূচক (ডাব্লিউআরআই) অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মজুরি বৃদ্ধির হার ছিল ৭.৯০ শতাংশ, যা আগস্টে ছিল ৮.০৫ শতাংশ। খাতওয়ারি হিসেবে সেপ্টেম্বরে কৃষি খাতে মজুরি বৃদ্ধি পেয়েছে ৭.৮৯ শতাংশ, শিল্প খাতে ৭.৮৬ শতাংশ এবং সেবা খাতে ৮.০৭ শতাংশ।

সারা দেশের ৬৪টি জেলার ১৪৩টি হাট-বাজার থেকে উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে বিবিএস।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft