শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
নিকলীতে পারিবারিক বিরোধের জেরে বড় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:১৭ পিএম  আপডেট: ০৭.১০.২০২৬ ৫:১৮ পিএম  (ভিজিট : ৭৪)
কিশোরগঞ্জের নিকলীতে মাকে মারধরের অভিযোগে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করায় পরিবারের একমাত্র ভরণপোষণকারী বড় ছেলে জামাল উদ্দিনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ধর্ষণচেষ্টার মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এই মিথ্যা ও বানোয়াট মামলার মাধ্যমে পরিবারটিকে হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার দামপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামে জামাল উদ্দিনের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্যরা জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে বড় ভাই জামাল উদ্দিনের সঙ্গে ছোট ভাই জালাল উদ্দিনের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে এবং ক্ষোভের বশে জামাল উদ্দিনকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও ফাঁসানোর উদ্দেশ্যে ছোট ভাইয়ের স্ত্রীকে ব্যবহার করে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করানো হয়েছে।

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে অভিযুক্ত জামাল উদ্দিনের মা জাহেরা খাতুন বলেন, ‘আমার তিন ছেলে ও চার মেয়ে। বড় ছেলে জামাল উদ্দিন দীর্ঘ দিন ধরে আমাদের পুরো পরিবারের দেখাশোনা ও ভরণপোষণ করে আসছে। অথচ ছোট ছেলে জালাল উদ্দিন মাদকাসক্ত এবং সে আমাকেও মারধর করেছে। এ ঘটনায় বাধ্য হয়ে আমি নিজেই গত ৩০ আগস্ট নিকলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, মায়ের গায়ে হাত তোলার ওই অভিযোগের বদলা নিতেই তার বড় ছেলে জামাল উদ্দিনের বিরুদ্ধে এই গায়েবি ধর্ষণচেষ্টার মামলা দেওয়া হয়েছে। তিনি এই মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং নির্দোষ ছেলেকে হয়রানি থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানান।

পরিবারের সদস্য মীম, আল্লাতু ও সারমিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি লিখে নিতে ছোট ভাই বিভিন্ন সময় তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। গ্রাম্য সালিশের মাধ্যমে এই বিরোধ মীমাংসার ব্যর্থ চেষ্টার পর বিষয়টি আইনি লড়াইয়ে গড়ায়।

জামাল উদ্দিনের আরেক ভাই ইলিয়াস কাঞ্চন জানান, মাকে মারধরের ঘটনায় স্থানীয়ভাবে সালিশে কোনো সুরাহা না হওয়ায় তারা আইনগত পদক্ষেপ নেন। এর পরই আক্রোশবশত তার সৎ ও কর্মঠ ভাই জামাল উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের পক্ষপাতমূলক আচরণ না করে, ধর্ষণচেষ্টার মামলা ও পারিবারিক সম্পত্তির বিরোধের পুরো বিষয়টি প্রশাসনকে নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানানো হয়। যাতে কোনো নিরপরাধ মানুষ অনৈতিক হয়রানির শিকার না হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft