রঙিন ক্যাম্প ফায়ার ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ। গত শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার ইনস্টিটিউট চত্বরে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প ফায়ারের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন এবং উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম। এ সময় পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই চত্বরে সমাবেশের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। পাঁচ দিনব্যাপী এই সমাবেশে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য, ৪৪ জন ইউনিট লিডার ও ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান অংশ নেন।
সমাবেশজুড়ে স্কাউট সদস্যদের জন্য ছিল বিভিন্ন চ্যালেঞ্জ ও শিক্ষণীয় কার্যক্রম। এর ফাঁকে ফাঁকে আয়োজিত গ্রামীণ খেলাধুলায় পুরো সমাবেশস্থল মাতিয়ে রাখেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও নাট্যকার অধ্যাপক মো. আব্দুর রহিম।
সমাপনী রাতে ক্যাম্প ফায়ারের চারপাশের পরিবেশনা সবার নজর কাড়ে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দলগুলো তাদের নিজস্ব শিল্পকলা প্রদর্শন করে। এর মধ্যে পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের স্কাউট দল জুলু সম্প্রদায়ের নৃত্য, গলেহাহাট ফাযিল মাদরাসার স্কাউটরা প্রকৃতি ও পরিবেশবিষয়ক নাটক ‘পশুর বয়ান’, হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কাউটরা ‘কারার ঐ লৌহ কপাট’ গানে নৃত্য এবং দশ মাইল বালিকা উচ্চবিদ্যালয়ের সদস্যরা পুতুলনাচ পরিবেশন করে। এছাড়া দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের স্কাউট গ্রুপ ‘এক আকাশের তারা’ গানে এবং আমলাহার বালিকা উচ্চবিদ্যালয়ের নৃত্যশিল্পীরা ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। নুরুন আলা নুর কামিল মাদরাসার স্কাউট দল পরিবেশন করে হামদ।
আজকালের খবর/কাওছার আল হাবীব