মাসব্যাপী ইসলামের দাওয়াতি অভিযান সম্পন্ন করেছে বগুড়া মহানগর জামায়াত। পবিত্র কুরআনের আলোকে রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা নিশ্চিত ও সমাজে শান্তি ফেরাতে গ্রুপ ভিত্তিক প্রচারণা করা হয়। সিটি কর্পোরেশন এলাকার নাগরিকদের ঐক্যবদ্ধ করতে ইসলামের দাওয়াত দেন নেতারা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়।
সকল ওয়ার্ডে একযোগে দাওয়াতি অভিযান নেতাকর্মীদের চাঙা করেছে। নারুলীর ২০ নম্বর ওয়ার্ডে শেষদিন প্রচারণা চালিয়েছেন নগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া। বগুড়া কলেজ এলাকায় নাগরিকদের পবিত্র কুরআনের বিধান মেনে চলার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াত আমীর মাস্টার শামসুজ্জামান, রফিকুল ইসলাম, রাজিব উদ্দিন, আব্দুল মোমিন প্রমুখ।
নেতারা জানান, সমাজে শান্তি ফেরাতে মাসব্যাপী দাওয়াতি অভিযান চালানো হয়। যতদিন মুসলিম উম্মাহ কুরআনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিল ততদিন মুসলিম উম্মাহ ছিল পৃথিবীর শাসক নিয়ন্ত্রণকারী। কুরআনের পরিবর্তে মানব রচিত মতবাদের পেছনে ছুটে মুসলিম উম্মাহ লাঞ্ছিত, অপমানিত, শোষিত ও নিগৃহীত হয়েছে, এখনো হচ্ছে। সময় এসেছে নিজেদের শুধরানোর। সমাজে শান্তি সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে পবিত্র কুরআনের বিধান মেনে চলতে হবে। লোকবল বৃদ্ধি করতে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন নেতাকর্মীরা।
এদিকে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে জনসমর্থন বাড়াতে নিয়মিত গ্রামীণ জনপদে ছুটছে দায়িত্বশীল ইউনিট। ক্লিন ইমেজ টিকিয়ে রাখতে আগাম গণসংযোগ করছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
আজকালের খবর/বিএস