মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমডিএ’র ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিত করার পরিকল্পনা
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৮)
বরেন্দ্র অঞ্চলের সেচ ব্যবস্থাকে আরও আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব করতে বিএমডিএ’র আওতাধীন গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) কৃষিবিদ হাসান জাফির তুহিন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএমডিএ’র প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় বিএমডিএ’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, সরকারের নীতি অনুযায়ী সারা দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে দেশের বিদ্যুৎ উৎপাদনে অবদান রাখতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে বরেন্দ্র অঞ্চলের প্রায় ১৫ হাজার গভীর নলকূপ পর্যায়ক্রমে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সৌরচালিত ডিপ টিউবওয়েল চালু হলে প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও পরিচালনা ব্যয় হ্রাসের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া কৃষকের সেচ খরচ কমা, সময়মতো সেচ নিশ্চিতকরণ এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি হ্রাসেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলায় প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় ছোট ছোট প্রকল্প গ্রহণের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান জানান তিনি। মহানন্দা নদীকে ঘিরে প্রকল্প অনুমোদন এবং বরেন্দ্র মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলেছে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান।

সভায় নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান বলেন, বরেন্দ্র অঞ্চলের কোনো জমি যেন পানির অভাবে অনাবাদি না থাকে, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। কমান্ড এরিয়ার মধ্যে বন্ধ থাকা ডিপ টিউবওয়েলগুলোর সমস্যা চিহ্নিত করে আসন্ন সেচ মৌসুম শুরুর আগেই তা দ্রুত সচল করার তাগিদ দেন তিনি। একইসঙ্গে পানি ও জ্বালানির অপচয় রোধ করে আধুনিক সেচ ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

মতবিনিময় সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসানসহ বিএমডিএ’র বিভিন্ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft