ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুরে সাকিব আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ‘রামগোপালপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে নিহত সাকিবের বাবা আব্দুর রাজ্জাক ও মা মিনা বেগম তাদের সন্তান হত্যার বিচার চেয়ে আবেগঘন বক্তব্য রাখেন। এ সময় তারা দু’হাত ওপরে তুলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধনে আরও বক্তব্য দেন জালাল আহমেদ, মেহেদী হাসান, মিলন মিয়া ও রাজীব আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামের নিজ বাড়ির সামনের একটি পুকুর থেকে সাকিব আহমেদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং বিচার দাবিতে ক্ষোভ প্রকাশ করে আসছেন স্থানীয়রা।
আজকালের খবর/কাওছার আল হাবীব