নরসিংদী পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বেহাল সদর রোডের সংস্কার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত বুধবার বিকেলে নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংস্কার কাজের উদ্বোধন করেন।
নরসিংদীর পৌরসভার সামনে থেকে বৌয়াকুড় মোড় পর্যন্ত উভয়পাশের প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কে বসানো হচ্ছে পরিবেশবান্ধব ও টেকসই ইউনি ব্লক। প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান 'মারকো ইন্টারন্যাশনাল'।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য খায়রুল কবির খোকন জানান, আগামী এক মাসের মধ্যেই সড়কটির নির্মাণকাজ সম্পূর্ণ হবে। এই কাজ শেষ হলে পৌরবাসীর দীর্ঘদিনের যাতায়াত কষ্ট ও চরম ভোগান্তির অবসান ঘটবে।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার সামনের এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল ও খানাখন্দে ভরা ছিল। ইউনি ব্লক দিয়ে আধুনিক উপায়ে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়ায় পৌরবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
পৌর কর্তৃপক্ষও জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই মানসম্মত কাজ সম্পন্ন করে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো. সফিউল্লাহ, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান ও সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া প্রমুখ।
আজকালের খবর/কাওছার আল হাবীব