বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ার উপকূলে এক দিনে তিন অজ্ঞাত মরদেহ
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম   (ভিজিট : ৫)
কক্সবাজারের উখিয়ায় একই দিনে সাগরপাড়ের পৃথক দুই এলাকা থেকে উদ্ধার হয়েছে তিনটি অজ্ঞাতপরিচয় মরদেহ। সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তবে মরদেহগুলোর পরিচয় কিংবা কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকার সাগরপাড় থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এর কয়েক ঘণ্টা পর বিকেল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকার সাগরপাড়ে আরও দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সেখান থেকেও মরদেহ দুটি উদ্ধার করা হয়। তিনটি মরদেহেরই সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশ।

এদিকে এক দিনে একই উপকূলের পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনায় সামনে এসেছে সাম্প্রতিক ট্রলারডুবির বিষয়টিও। গত সোমবার টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় কোস্টগার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করলেও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া মরদেহগুলো ওই ট্রলারডুবির নিখোঁজ ব্যক্তিদের কারও কি না, সেটিও যাচাই করছে পুলিশ। তবে এখন পর্যন্ত তিনজনের কারও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছেন কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি বলেন, পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft