নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সদর মেট্রো থানা বিএনপি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গাজীপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শিববাড়ি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট এবং সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তারা রাজপথে থাকবেন। একই সঙ্গে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস। তিনি সমাবেশে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় এতে বিএনপির জ্যেষ্ঠ নেতা মীর হালিমুজ্জামান ননি, অ্যাডভোকেট শহিদ উজ্জামান, আহমদ আলী রুশদি, হাসান আজমল ভূইয়া, জয়নাল আবেদিন তালুকদার, আ ক মোফাজ্জল হোসেন, হান্নান মিয়া হান্নু, অ্যাডভোকেট নাসির উদ্দিন, যুবদল নেতা মাহমুদ হাসান রাজু, নাজমুল খন্দকার সুমন, ফারহাজ বিন ফয়েজ প্রবাল ও ছাত্রদল নেতা রোহানুজ্জামান শুক্কুরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান এলিস বলেন, সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা । তিনি বলেন, এসব পরিস্থিতি মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশের শান্তি ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিএনপি কাজ করছে।
সমাবেশে বক্তারা নাশকতা, সন্ত্রাস ও জনজীবনে অস্থিরতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের মাঠে থাকার কথা জানান। একই সঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আজকালের খবর/বিএস