নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন পরিদর্শনে এসে স্থানীয় আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জে. বি. এম. হাসান।
মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এর আগে বার অ্যাসোসিয়েশনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী মো. আবদুল মান্নান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আইনজীবী আবদুল মজিদ শিকদার।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে. বি. এম. হাসান দ্রুততম সময়ে সাধারণ মানুষের কাছে ন্যায়বিচার পৌঁছে দিতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর জোর দেন। তিনি মামলার জট কমানো, হয়রানিমূলক মামলা এড়ানো এবং সরকারি 'লিগ্যাল এইড'-এর মাধ্যমে দরিদ্র বিচারপ্রার্থীদের আইনি সহায়তা নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, "আন্তরিকতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখতে পারলে ভবিষ্যতে নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন দেশের একটি মডেল বারে পরিণত হতে পারে।" বিচার বিভাগকে বিচারপ্রার্থীদের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।
জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী মো. আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনজীবী আবদুল মজিদ শিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ও দায়রা জজ হুমায়ুন কবির শেখ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন হাবিব, সিনিয়র আইনজীবী আবদুল হান্নানসহ জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
আজকালের খবর/কাওছার আল হাবীব