সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরার সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম   (ভিজিট : ৮)
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন সংসদ সদস্য ভবনের (ন্যাম ভবন) ৫ নম্বর ভবনের ৩য় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন (১৯)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।পুলিশ সূত্রে জানা যায়, ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে তরুণীর মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে। সিআইডির আলামত সংগ্রহ ও প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

মরদেহ উদ্ধারের ঘটনার দিনই (রবিবার) রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়ার পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেন এমপি গাজী নজরুল ইসলাম।

মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে অনৈতিক সম্পর্ক এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২১ জুলাই পল্লবী থানায় এই মামলাটি করেন।

এজাহার অনুযায়ী, কালশী এলাকার ‘রোজগার্ডেন টাওয়ারে’ বাদীর ভাগ্নির সঙ্গে এমপি গাজী নজরুলের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। বাদী বিষয়টির প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে একটি চক্রের কাছে সংসদ সদস্যের অপ্রীতিকর ভিডিও পৌঁছালে, নজরুল ইসলাম সন্দেহ করেন যে ওবায়দুরই গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলার চক্রের কাছে পাচার করেছেন। এর জেরে গত ১৪ জুলাই ওবায়দুরকে ডেকে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর এবং গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft