বাংলাদেশে যাত্রা শুরু করলো মালয়েশিয়ার খ্যাতনামা ইউসিএসআই (UCSI) হাসপাতালের মেডিকেল রেফারাল সেন্টার। ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) রাজধানীর বনানীতে অবস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই রেফারেল সেন্টারটি উদ্বোধন করা হয়।
ইউসিএসআই ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও প্রেসিডেন্ট প্রফেসর এমিরিটাস দাতুক ড. সিতি হামিশাহ বিনতি তাফসির ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনসাইট ইন্সটিটিউট অব লার্নিং (আইআইএল)-এর চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুশাইরি, ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. এইচ এম জহির, প্রভোস্ট (অব.) মেজর সুমন সুবহান এবং আইআইএল-এর ডিরেক্টর ও সেক্রেটারি ড. মুহাম্মদ খালেদ। উদ্বোধন শেষে অতিথিরা রেফারাল সেন্টারটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
এই রেফারাল সেন্টারের মাধ্যমে বাংলাদেশ ক্যাম্পাসের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা জরুরি চিকিৎসা সুবিধা পাবেন। পাশাপাশি, বাংলাদেশের সাধারণ মানুষ যেন সাশ্রয়ী খরচে মালয়েশিয়ায় বিশ্বমানের স্বাস্থ্যসেবা, সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা পেতে পারেন, সে লক্ষ্যে কাজ করবে সেন্টারটি।
উল্লেখ্য, মালয়েশিয়ার ইউসিএসআই গ্রুপের অধীনস্থ ১৩০ শয্যার এই হাসপাতালটি দেশটির একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান, যার একটি সরকারি সেবা বিভাগ (পাবলিক উইং) রয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে অবদান রাখছে হাসপাতালটি। সাধারণ চিকিৎসার পাশাপাশি ক্যান্সার, কার্ডিওলোজি, জটিল সার্জারি, ইএনটি এবং অর্থোপেডিকসহ বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসার জন্য আন্তর্জাতিকভাবে হাসপাতালটির বিশেষ সুনাম রয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব