শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬
১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর গণসংযোগ
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ পিএম   (ভিজিট : ১৭)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে গণসংযোগ ও মতবিনিময় করেছেন বিএনপির নিউ মার্কেট থানার সাবেক সাধারণ সম্পাদক হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নিউ মার্কেট থানার কাঁটাবন ঢাল এলাকার মসজিদে মুনাওঅরে জুমার নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যও দেন।

পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাঁটাবন ঢাল হয়ে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় যান জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। এরপর মেডিকেল স্টাফ কোয়ার্টারে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

গণসংযোগের শেষ পর্যায়ে এলিফ্যান্ট রোডের স্টার কাবাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন তিনি।

পথসভায় জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী বলেন, তিনি এর আগে ঢাকা নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডে দুইবার কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছেন। তবে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে তার আপত্তি ছিল। সে সময়ের নির্বাচনী পরিস্থিতির কারণে তিনি নির্বাচিত হতে পারেননি বলে দাবি করেন।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হলে তিনি বিপুল ভোটে জয়ী হতেন বলে তার বিশ্বাস। আগামী ২০২৭ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চান বলেও জানান তিনি।

জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তিনি বিএনপির আদর্শে বিশ্বাস করেন এবং দলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কাজ করে যেতে চান।

বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য মাগফিরাত কামনা করেন তিনি। একই সঙ্গে বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সরকারকে সহযোগিতা করে একটি সুসংগঠিত রাষ্ট্র গঠন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ভূমিকা রাখতে চান তারা।

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে ১৮ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী। নিউ মার্কেট থানা এলাকার মানুষের পাশে থেকে কাজ করারও অঙ্গীকার করেন তিনি।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি দাবি করেন, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও সন্ত্রাসীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিয়েছিল।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সবার প্রতি সহনশীল আচরণ করতে হবে এবং দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়াতে হবে।

এ সময় তিনি আরও বলেন, বিএনপিকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে কেউ রাজপথে নেমে অন্যায়ভাবে মানুষের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অতীতে আওয়ামী লীগ সরকারের সহযোগী ছিলেন—এমন ব্যক্তিদের উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানান তিনি।

পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গণসংযোগ ও পথসভা শেষ করেন ১৮ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাজি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

আজকালের খবর/ এমকে










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft