রাজধানীর বাড্ডা থানার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং সকাল ৯টা ১৯ মিনিটে তারা সেখানে পৌঁছান। পরে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সহযোগিতার প্রয়োজন হবে না বিধায় পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিট পথিমধ্য থেকে ফেরত এসেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজকালের খবর/বিএস