সিনেমা হলে কোন সিনেমা ছোটদের দেখা উচিত আর কোনটি নয়, তা নিয়ে প্রায়শই বিভ্রান্তিতে পড়েন অভিভাবকরা। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি রুপোলি পর্দায় মাদকের চিত্রায়নেও কড়া পদক্ষেপ নিল ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’ (CBFC)। প্রায় ৩৫ বছর পর ভারতীয় চলচ্চিত্রের সেন্সর ও সার্টিফিকেশনের নির্দেশিকায় ঐতিহাসিক কিছু পরিবর্তন আনা হল (CBFC New Guidelines)। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত এই নতুন নির্দেশিকায় মাদকবিরোধী বিশেষ সতর্কতা (Film Certification Rules India) এবং বয়সভিত্তিক ক্যাটাগরির উপর বাড়তি জোর দেওয়া হয়েছে।
এর আগে ১৯৯১ সালের ডিসেম্বরে শেষবার এমন পূর্ণাঙ্গ নির্দেশিকা জারি করেছিল সেন্সর বোর্ড (CBFC Drug Warning Rules)। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর সেই কাঠামো সংস্কার করা হলেও হিংসা, অশ্লীলতা, সাম্প্রদায়িক উস্কানি, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার মতো বিষয়গুলিতে আগের মতোই কড়া নিয়ম বহাল রাখা হয়েছে।
নতুন নির্দেশের সবচেয়ে উল্লেখযোগ্য অংশটি হল মাদকের ব্যবহার সম্পর্কিত। ১৯৯১ সালের নিয়মে মাদকাসক্তিকে গ্ল্যামারাইজ করা বা উৎসাহিত করা নিষিদ্ধ ছিল। কিন্তু নতুন নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, চলচ্চিত্রে মাদক বা কোনও নেশাজাতীয় দ্রব্যের কেনাবেচা কিংবা সেবনের দৃশ্য দেখা গেলেই স্ক্রিনে বাধ্যতামূলকভাবে একটি বড় সতর্কবার্তা দেখাতে হবে। মেসেজে লেখা থাকবে: “অবৈধ মাদক স্বাস্থ্যের ক্ষতি করে এবং এর জন্য জেলও হতে পারে। মাদককে না বলুন।”
পাশাপাশি, অভিভাবক ও দর্শকদের সুবিধার্থে ‘UA’ ক্যাটাগরিকে তিনটি বয়সভিত্তিক অংশে ভাগ করা হয়েছে, UA ৭+, UA ১৩+ এবং UA ১৬+। যদিও ২০২৫ সালেই এই নিয়মটি আইনে যুক্ত হয়েছিল, তবে এবার সেন্সর নির্দেশিকার মূল কাঠামোতে এটিকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হল। CBFC চেয়ারম্যান শশী শেখর ভেম্পাতি জানিয়েছেন, চলচ্চিত্র নির্মাতাদের উচিত ট্রেলার ও প্রচারমূলক বিজ্ঞাপনে এই বয়সভিত্তিক ট্যাগগুলি স্পষ্টভাবে ফুটিয়ে তোলা, যাতে অভিভাবকরা সন্তানদের সিনেমা দেখানোর আগে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
উল্লেখ্য, সম্প্রতি দীর্ঘ নয় বছর পর সেন্সর বোর্ডের ১৮ সদস্যের একটি নতুন টিম গঠন করা হয়েছে। সুনীল শেট্টি, প্রীতি জিন্টা, পঙ্কজ ত্রিপাঠী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো একাধিক তাবড় তাবড় অভিনেতা ও শিল্পীরা এখন এই বোর্ডের সদস্য। নতুন এই নির্দেশিকা যেমন দর্শকদের সঠিক ছবি বেছে নিতে সাহায্য করবে, তেমনই সিনেমায় সমাজবিরোধী বার্তা দেওয়াতেও বড়সড় রাশ টানবে।
আজকালের খবর/আতে