রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
আলফাডাঙ্গায় চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম   (ভিজিট : ৮)
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্বশত্রুতার জেরে রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামের এক চা দোকানদার কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত হন আরো ৩ জন। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবি উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান করতেন।

আহতরা হলেন, একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এর মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রবি গ্রামের তিনজনকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মালা স্কুলের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, গ্রাম্য আধিপত্য ও পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড। এর আগে গত ২৬ জুন একই গ্রামে একইভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল সুমন শেখ (৩০) নামে এক কলেজছাত্রকে। নিহত রবি সম্পর্কে সুমনের চাচা ছিলেন। আহত ব্যক্তিরাও একই পক্ষের অনুসারী বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনার পর বড়ভাগ গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft