“পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রামের শহীদ জিয়া বাজার, পৌর বাজার এবং খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ ও আশপাশের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়। পরে স্কুল মাঠে ডেঙ্গু পতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন- জেলা প্রশাসক অর্ণপূর্না দেবনাথ, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ড.আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,জেলা মহিলা দলের সভাপতি মোছা. রেশমা সুলতানা,সাধারণ সম্পাদক মোসলেমা কায়কোবাদ মিলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা জেলা ছাত্রদলের সভাপতি বিপুল আহমেদ সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষক - শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ। এ রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের পাশাপাশি পরিত্যক্ত পাত্র, টায়ার, ডাবের খোসা, ফুলের টবসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টি ও সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। জেলা - উপজেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর জেলা গড়ে তোলার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়।
আজকালের খবর/বিএস