সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেন (৫৮) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় সঙ্গে থাকা আলতাফ হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের ঝামেলা হয়। একপর্যায়ে আলতাফ ও তার ছেলেকে মারধর করে তারা। এতে তারা গুরুতর আহত হন।
পরে রাত সাড়ে নয়টার দিকে আলতাফ হোসেন ও তার ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, এক এসবি সদস্যকে আমিনবাজার এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
আজকালের খবর/বিএস