বাংলাদেশি শিক্ষার্থীদের দেশেই আন্তর্জাতিক মানের ডিগ্রি অর্জনের সুযোগ করে দেওয়া মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে সেপ্টেম্বর ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীতে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের হলরুমে দুই পর্বে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে নতুন শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন একদল শিক্ষার্থীর উচ্চশিক্ষার যাত্রা শুরু হয় ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসে। নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. এইচ এম জহিরুল হক।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, ফ্যাকাল্টি অব এফবিএমের ডিন মোহাম্মদ জে. মুনির এবং ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন ড. জোহা রহমান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার প্রফেসর ড. শাহ সামিউর রশিদ। পরে অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের দুই সিনিয়র শিক্ষার্থী নোরা সাবরিন রাহা ও আবিদা আফসারা গোলন্দাজ।
বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নতুন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।
প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার যাত্রা শুরু করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিজেদের, পরিবার এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. এইচ এম জহিরুল হক বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো শিক্ষার মান, কর্মমুখী শিক্ষা এবং শিল্প-সংশ্লিষ্ট কারিকুলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা রাখার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের যাত্রা এমন একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শুরু হয়েছে, যা শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্ব অঙ্গনেও একটি স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
ওরিয়েন্টেশনের পর সংশ্লিষ্ট শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটির পরিচিতি, বিভিন্ন কারিকুলাম ও কোর্স, পাঠদান পদ্ধতি, পরীক্ষা ব্যবস্থা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
ব্রিফিং শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, ক্লাসরুম, সেমিনার রুম, বিভিন্ন ল্যাব, লাইব্রেরি ও স্পোর্টস জোন পরিদর্শন করেন।
আজকালের খবর/ এমকে