চুয়াডাঙ্গার দর্শনায় সিএন্ডএফ ব্যবসায়ীর অফিস ও বাসায় হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দর্শনা পৌর যুবদলের সদস্য রাকিবুল হাসান ব্রাইট (৩৫) রয়েছেন। অপরজন দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মোহাম্মদ আমিন (২৫)।
এ ঘটনায় ব্যবসায়ী রফিকুল ইসলাম ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে চাঁদাবাজি ও সন্ত্রাস দমন আইনে মামলা করেছেন।
অভিযোগের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে রাকিবুল হাসান ব্রাইটকে যুবদলের সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সঙ্গে বহিষ্কৃত নেতার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের আগে দর্শনা রেলগেট এলাকায় ব্যবসায়ী রফিকুল ইসলামের অফিস ও বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ব্যবসায়ীর অভিযোগ, তার কাছে প্রথমে ২০ লাখ এবং পরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। হামলায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি এবং অফিস থেকে নগদ ২৩ লাখ ৩০ হাজার টাকা ও দুটি ব্যাংক চেক নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আজকালের খবর/বিএস