বুধবার ১৯ আগস্ট ২০২৬
স্বামীর মৃত্যুতে দীপু মনির ৪ দিনের প্যারোলে মুক্তির আবেদন
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ০)
মুন্সীগঞ্জে কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে দীপু মনির চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পরিবারের পক্ষে আবেদনটি জমা দেওয়া হয়।

ডা. দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি নেওয়াজ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে প্যারোলে মুক্তির আবেদন জমা দেন। এর আগে দুপুর ১২টার দিকে তিনি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান।

আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মানবিক কারণে ডা. দীপু মনিকে চার দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর বুধবার সকালে কারাগারে থাকা মা ডা. দীপু মনির সঙ্গে দেখা করতে যান তার মেয়ে তানি দিপাবলি নেওয়াজ। একই সঙ্গে প্যারোলে মুক্তির বিষয়ে মায়ের পরামর্শ নেন তিনি।

আইনজীবী জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে পরিবারের পক্ষ থেকে প্যারোলের আবেদন করা হয়েছে। এখন প্রশাসনিক নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।

এদিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ জানিয়েছেন, প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে এখনো কোনো আবেদন পৌঁছেনি। আবেদন পাওয়া গেলে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ডা. দীপু মনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft