কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা KIFF-এ আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, বাংলা ও ভারতীয় সিনেমায় তাঁর প্রায় পাঁচ দশকের অবদান—সবকিছুর পরেও কেন তাঁকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানানো হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা। বিষয়টি নিয়ে খানিকটা কটাক্ষের সুরেই তাঁর মন্তব্য, সম্ভবত তাঁকে ‘মাইনর আর্টিস্ট’ হিসেবেই দেখা হয়।
১৩ আগস্ট কলকাতার নন্দনে একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ই KIFF-এ তাঁর আমন্ত্রণ না পাওয়ার প্রসঙ্গটি ওঠে। অভিনেতা জানান, উৎসবের সঙ্গে যুক্ত কোনও অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।
এই ঘটনায় তাঁর হতাশা স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও এমন একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে তাঁকে কেন দেখা যাচ্ছে না, সেই প্রশ্নই কার্যত তুলে ধরেছেন তিনি।
‘হয়তো আমি খুব ছোট শিল্পী’
নিজের স্বভাবসিদ্ধ রসিকতা ও কটাক্ষের ভঙ্গিতে মিঠুন বলেন, ‘হয়তো আমাকে খুব ছোট শিল্পী মনে করা হয়।’ তাঁর বক্তব্যে যেমন আক্ষেপ রয়েছে, তেমনই রয়েছে পরিস্থিতি নিয়ে তীব্র ব্যঙ্গ। একদিকে তিনি বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা, অন্যদিকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তাঁর দীর্ঘ অভিনয়জীবন। ফলে KIFF-এর মতো বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে তাঁর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে৷
মিঠুন চক্রবর্তীর চলচ্চিত্রজীবন প্রায় পাঁচ দশকের। বাংলা এবং হিন্দি, দুই ইন্ডাস্ট্রিতেই তিনি দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। ‘ডিস্কো ড্যান্সার’-সহ একাধিক ছবির মাধ্যমে তিনি সর্বভারতীয় জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর অভিনয়জীবনের অন্যতম বড় স্বীকৃতি দাদাসাহেব ফালকে পুরস্কার, যা তিনি ২০২৪ সালে পান। তাঁর কেরিয়ারের শুরুর সময়টাও ছিল যথেষ্ট কঠিন। বহু সংগ্রামের পর তিনি বলিউডে নিজের জায়গা তৈরি করেন এবং পরবর্তীতে দেশের অন্যতম পরিচিত তারকা হয়ে ওঠেন।
আজকালের খবর/এমকে