কক্সবাজারের টেকনাফে ড্রাম্প ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন ঘিলাতুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হোয়াইক্যংয়ের ঘিলাতলী এলাকার আরমান মুরাদ এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিবিল এলাকার ছবির আহম্মদের ছেলে রুবেল।
স্থানীয়দের বরাতে জানা যায়, উখিয়াগামী একটি ড্রাম্প ট্রাক বেপরোয়া গতিতে একটি ইজিবাইক (টমটম) ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা দুই যুবক গুরুতর আহত হতে দেখা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেন।
হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উখিয়াগামী একটি ড্রাম্প ট্রাক হোয়াইক্যংয়ের ঘিলাতুলী এলাকায় একটি ইজিবাইককে ডান পাশ দিয়ে ওভারটেক করার সময় হ্নীলাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজকালের খবর/বিএস