
অ্যাকশন কুইন মুনমুন অভিনীত ‘রাগী’ সিনেমা প্রেক্ষাগৃতে মুক্তির পর ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির চার মাসের মাথায় দর্শক চাহিদার কারণে কোটির কাছে ভিউ অর্থাৎ ৯৫ লাখ বেশি ভিউ হয়েছে। সিনেমাতে তার দুর্দান্ত কামব্যাক ভক্তরা ইতিবাচক হিসেবে দেখছেন।
মিজানুর রহমান মিজান পরিচালিত এই সিনেমাটি চার মাস আগে এসবি মুভিসের ইউটিউব চ্যানেলে সিনেমাটি প্রকাশ করা হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে দর্শকদের আগ্রহ।
অনলাইনে প্রকাশের পর কয়েক লাখ ভিউ থেকে দ্রুত মিলিয়ন ভিউয়ের ঘরে পৌঁছে যায় ‘রাগী’। বর্তমানে সিনেমাটির ভিউ ৯.৫ মিলিয়ন ছাড়িয়েছে, যা বাংলাদেশি হিসাবে ৯৫ লাখের বেশি। দীর্ঘ সময় অপেক্ষার পর মুক্তি পাওয়া একটি সিনেমার ক্ষেত্রে ইউটিউবে এমন দর্শক সাড়া সংশ্লিষ্টদের কাছে নিঃসন্দেহে ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
শুধু সংখ্যার দিক থেকেই নয়, একই সময়ের মধ্যে ইউটিউবে প্রকাশিত কয়েকটি নতুন সিনেমার ভিউয়ের সঙ্গে তুলনা করলেও ‘রাগী’র অবস্থান বেশ এগিয়ে। গত ছয় মাসে ইউটিউবে প্রকাশিত সিনেমাগুলোর মধ্যে বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু অভিনীত ‘শত্রু’ ছয় মাসে ৪ মিলিয়ন বা ৪০ লাখের বেশি ভিউ পেয়েছে। জিয়াউল রোশান ও শবনম বুবলী অভিনীত ‘সর্দার বাড়ির খেলা’ এক মাসে ২৭ লাখের বেশি এবং শাকিব খান ও দর্শনা বণিক অভিনীত ‘অন্তরাত্মা’ এক মাসে ২৪ লাখের বেশি ভিউ অতিক্রম করেছে।
এই হিসাবে সময়ের ব্যবধান বিবেচনায় রাখলেও ‘রাগী’র ৯৫ লাখের বেশি ভিউ তুলনামূলকভাবে উল্লেখযোগ্য। বিশেষ করে সিনেমাটি নির্মাণের এক দশক পর এবং প্রেক্ষাগৃহে মুক্তির দীর্ঘ সময় পর ইউটিউবে প্রকাশিত হয়ে এমন দর্শক প্রতিক্রিয়া পেয়েছে।
সিনেমার কেন্দ্রীয় খলচরিত্রে অভিনয় করেছেন একসময়ের তারকা অভিনেত্রী মুনমুন পাচ্ছেন ভক্তদের ভালোবাসা। ইতিবাচক প্রতিক্রিয়ায় ভাসছেন তিনি।
সিনেমাটিতে অন্যান্যের মধ্যে নায়ক চরিত্রে পারভেজ আবির চৌধুরী, আঁচল, মারুফ আকিব, শতাব্দি ওয়াদুদ, মনির প্রমুখ অভিনয় করেছেন।
দর্শকদের এই সাড়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন ‘রাগী’র পরিচালক মিজানুর রহমান মিজান। তিনি বলেন, এত বছর পরও একটি সিনেমার প্রতি দর্শকদের এমন ভালোবাসা সত্যিই আনন্দের। দর্শকদের এই ভালোবাসা ‘রাগী’র পুরো টিমকে নতুন করে অনুপ্রাণিত করেছে। সিনেমাটির সঙ্গে থাকা এবং ভালোবাসা দেওয়ার জন্য তিনি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আজকালের খবর/আতে