দিলশাদ নাহার কনা ও এলিটা করিমের বন্ধুত্ব বহু বছরের। সেই বন্ধুত্ব কতটা গাঢ়, তা এবার জানান দিলেন গানের মাধ্যমে। পৃথিবীর সব বন্ধুদের জন্য নিবেদন করলেন আনকোরা একটি গান; যার শিরোনাম ‘বন্ধু প্রিয়’। এলিটা ও কনার এই দ্বৈতগানের কথা লিখেছেন নন্দিত নির্মাতা ও গীতিকবি সোহেল আরমান। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। গীতিকথার সঙ্গে মিলিয়ে গল্পনির্ভর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন। গানের ভিডিওতে শিল্পীদের পাশাপাশি মডেল হিসেবে অংশ নিয়েছেন এম কে আবির, বিথি আকন, রাশেদ বিন অভি, আয়েশা আখতার, ইয়ামিন হোসেন ফার্সি ও আরফ হোসেন। গানটি শিল্পী কনা, এলিটা ও সুরকার বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে একসঙ্গে প্রকাশ করা হয়েছে।
এ আয়োজন নিয়ে শিল্পী কনা বলেন, ‘বন্ধুত্ব এমন এক সম্পর্ক, যার তুলনা কোনো কিছুর সঙ্গে হয় না। ভালোবাসা, অভিমান, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন বুনন, আগামীর চাওয়া-পাওয়া সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায় বন্ধুত্বে। সম্পর্কের সেই বন্ধনকে এই গানের মাধ্যমে তুলে আনা হয়েছে। সোহেল আরমানের গীতিকথা নিয়ে যেমন নতুন করে বলার কিছু নেই, তেমনি বাপ্পা মজুমদার সুর-সংগীতে বরাবরের মতো এই গানে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। অন্যদিকে এলিটা আর আমি গানে গানে এই অনুভব তুলে ধরার চেষ্টা করেছি, যা আমাদের সত্যিকার বন্ধুত্বের সঙ্গে মিশে আছে। তাই কথা, সুর, সংগীত, গায়কি, ভিডিও নির্মাণ সব মিলিয়ে ‘বন্ধু প্রিয়’ গানটি অনেকের ভালো লাগবে বলে আশা করছি।’
শিল্পী এলিটা করিমের কথায়, শ্রোতা আর সময়ের চাহিদাকে পূরণ করার জন্য প্রতিনিয়ত নতুন কিছু করার চেষ্টা চলছে। সেই চেষ্টার আরেক নাম ‘বন্ধু প্রিয়’ যেখানে সম্পর্ক আর অনুভূতি এমনভাবে উঠে এসেছে, যা সহজেই হৃদয় স্পর্শ করে।
গীতিকার সোহেল আরমান বলেন, ‘বাপ্পা মজুমদারের সঙ্গে সম্পর্ক বহু বছরের। আমার লেখা বেশকিছু গানে বাপ্পা কণ্ঠ দিয়েছেন। একইভাবে বেশকিছু গীতিকথায় সময়োপযোগী সুর বসিয়ে কড়া নেড়েছেন শ্রোতা হৃদয়ে। তাই কাজের বিষয়ে বাপ্পার সঙ্গে বোঝাপড়া সবসময়ই দারুণ। তারপরও নানা ব্যস্ততায় অনেক দিন নতুন কিছু করা হয়ে উঠেনি। অবশেষে বিরতি ভেঙে প্রিয় বন্ধু বাপ্পা মজুমদারের সঙ্গে কাজ হলো। লেখা হলো নতুন এক গান। আর সেই গান দুই বন্ধু কনা এবং এলিটা গাইল মনপ্রাণ উজাড় করে; যা দারুণভাবে মনকে নাড়া দিয়েছে। শ্রোতা মনেও গানটি দীর্ঘ সময় অনুরণন তুলে যাবে বলে আমাদের বিশ্বাস।’
বাপ্পা মজুমদারের কথায়, ‘বন্ধু প্রিয়’ গানের সূত্র ধরে বহু দিনের বন্ধুত্বকে নতুন করে জানান দেওয়ার সুযোগ হলো। একদিকে তাঁর সঙ্গে সোহেলে অন্যদিকে কনার সঙ্গে এলিটার বন্ধুত্বের এক স্মারণ হয়ে উঠল নতুন এ আয়োজন। গানটি অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেছেন এই সুরকার ও সংগীতায়োজক।
প্রসঙ্গত, একুশ শতকের শুরু থেকে নানারকম গানের মধ্য দিয়ে শ্রোতার প্রত্যাশা পূরণ করে চলেছেন দিলশাদ নাহার কনা ও এলিটা করিম। গানের সূত্র ধরেই গড়ে উঠেছে এই দুই শিল্পী বন্ধুত্ব। সেই সুবাদে বেশকিছু মিক্সড অ্যালবামে তাদের একসঙ্গে গাওয়ার অভিজ্ঞতা হয়েছে।
আজকালের খবর/আতে