
আগের বোর্ড বাতিল করে নতুন করে ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে গত ২৯ জুলাই উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লা সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে দীর্ঘ সময় পর বাচসাসকে গুরুত্ব দিয়েছে সরকার। এবারের কমিটিতে বাচসাস-এর সাবেক সভাপতি চলচ্চিত্র গবেষক আবদুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করলো।
১৫ সদস্যবিশিষ্ট এই বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাটিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান বোর্ডের সদস্য সচিব।
সদস্য হিসেবে রয়েছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রেস উইং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা) প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, প্রিন্স মাহমুদ, সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার, বাচসাস-এর সাবেক সভাপতি চলচ্চিত্র গবেষক আবদুর রহমান এবং অভিনেত্রী কাজী নওশাবা।
আজকালের খবর/আতে