বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে রাহাত সাইফুল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে দুজনই সমান ২৪৬টি করে ভোট পেয়ে জয়লাভ করেন।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে বাচসাসের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিন সকাল ১০টা থেকে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। পরে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনে সংগঠনটির সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বাচসাসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রাণের সংগঠন বাচসাসের সম্মানিত সদস্যদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া নিয়েই আগামীর পথ চলতে চাই। বাচসাসের সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও আপনাদের পাশে থেকে সংগঠনের কল্যাণে কাজ করে যেতে চাই।
এ সময় সংগঠনকে আরো এগিয়ে নিতে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
নির্বাচিত অন্যরা হচ্ছেন : সহ-সভাপতি রিমন মাহফুজ ও হামিদ মোহাম্মদ জসিম, সহ-সাধারণ সম্পাদক আবু হুরায়রা মুরাদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), অর্থ সম্পাদক সৈয়দা ফারজানা জামান রুম্পা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূইয়া, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিসুল হক রাশেদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পান্থ আফজাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক অপু এবং দপ্তর সম্পাদক মহিব আল হাসান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম মিলন, সুকন্যা আমির, রুহুল সাখাওয়াত, রাজু আলিম, অরণ্য শোয়েব, সালাম মাহমুদ, শাকিল হোসেন, হাফিজ রহমান ও সালাম ফারুক।
আজকালের খবর/বিএস