পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর বড়াল নদীর শ্মশানের পাশ থেকে বৃহস্পতিবার (১২ মার্চ) ইমরান হোসেন (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। নিহত ইমরান হোসেন একই উপজেলার শুকুর ভাঙ্গা গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, ১১ ই মার্চ বুধবার সন্ধ্যায় পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা এলাকা থেকে ইমরান হোসেনের অটো ভ্যানটি ভাড়া নেয় চাচাতো ভাই সুমন। এ সময় হেলালসহ আরো দুজন যাত্রী ছিল। অটোভ্যানে ঘোরাঘুরির পরে আনুমানিক রাত দশটার দিকে জালেশ্বর শ্মশান এলাকায় গিয়ে ভ্যান ও মোবাইল ছিনতাইয়ের জন্য ইমরানকে মারধর করা হয়। পরে চাচাতো ভাইয়ের নির্দেশে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
পরিবারের লোকজন ইমরানকে খুঁজে না পেয়ে স্থানীয় বাজারে এসে জানতে পারে তিনি তিনজন যাত্রী নিয়ে ভাড়ায় গেছেন। তিনজনকে খুঁজতে ভাঙ্গুড়া চাচাতো ভাইয়ের বাড়িতে গেলে কথাবার্তা অসংলগ্ন বলায় তাদের আটক করে পুলিশে দেয়। পরে তারা স্বীকার করে ইমরানকে শ্মশান এলাকায় ফেলে রেখে আসা হয়েছে। রাতে পুলিশ গিয়ে রক্তাক্ত জখম নিহত ইমরানের মরদেহ উদ্ধার করে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম সাওয়াব জানান, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
আজকালের খবর/আরএম