গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম মোল্লার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার (১১ মার্চ) মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দী বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে নিহত সিয়াম মোল্লার পরিবারের সদস্যদের পাশাপাশি বাঁশবাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা খুনিদের ছবিসহ ফাঁসির দাবী সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্মমভাবে সিয়ামকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, দুই আসামী এখনো গ্রেপ্তার হয়নি। তারা গোপনে দেশ ত্যাগের চেষ্টা করছে। এরা যেন কোন ভাবে দেশ ত্যাগ করতে না পারে, দ্রুত এদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান তারা।
নিহতের মা শিউলি বেগম বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি ওগো ফাঁসি চাই বলেই কান্নায় ভেঙে পড়েন।
নিহতের চাচী রুমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের সন্তান কোনো অপরাধ করেনি। তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর তিন দিন লাশ গুম করে লাশটা পঁচাইয়া ফেলেছে। আমি এই হত্যার বিচার চাই। হত্যাকরীদের ফাঁসি হোক, এটাই আমার একমাত্র দাবি।
এ সময় বক্তব্য দিতে গিয়ে নিহতের চাচা শিপন মোল্লা বলেন, সিয়াম মুকসুদপুর কলেজের এসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। অভি মুন্সি, সাজিদ, পারভেজ এবং দিদার আমার ভাতিজাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখে, তিনদিন পরে ওদের দেওয়া তথ্যে লাশ পাওয়া যায়। এ নির্মম হত্যাকারীদের দু'জন গ্রেফতার হয়েছে। বাকী দুই আসামি দেশের বাহিরে চলে যাওয়ার চেষ্টা করছে। এরা যেন দেশের বাহিরে যেতে না পারে তাই দ্রুত এ দুজনকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় নিহত সিয়ামের চাচা রিপন মোল্লা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে মঙ্গলবার রাতে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আজকালের খবর/আরএম