বুধবার ১৯ আগস্ট ২০২৬
মুন্সীগঞ্জে সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ পিএম   (ভিজিট : ৬২৬)
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। এ ঘটনায় তাঁর বাবা মাফিক নায়েব গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান অভিযোগ করেন, ডা. নাসিরের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাঁদের বাড়িতে গিয়ে তাঁর ভাইকে মারধর করেন। হামলার পর তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, নিহত জসিম নায়েব স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ বলেন, পূর্ব বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। ঘটনার দায় বিএনপি বা বিজয়ী প্রার্থীর নয় বলে উল্লেখ করেন তিনি।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft